ভক্তদের নিয়ে কোনো অভিযোগ নেই:আনুশকা

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২০:৩৬

বিনোদন ডেস্ক

 

তারকাদের ভক্ত বিড়ম্বনায় পড়তে হয় প্রায়ই। বলিউডে এ ঘটনা প্রায় খবরের মাধ্যমে জানা যায়। সম্প্রতি এমন বিড়ম্বনার শিকার হলেন আনুশকা শর্মা।

সম্প্রতি সাদা চুড়িদার ও সালোয়ার পরে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছিলেন। সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছিলেন আনুশকা শর্মা। সেই ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় এ অভিনেত্রী। এতে অবশ্য তার কোনো ভূমিকা নেই। একটি ইউটিউব চ্যানেলের জেরেই নেট দুনিয়ায় ট্রেন্ডিং বিরাটপত্নী। ইউনিভার্সাল ইন সাইটস নামের ওই চ্যানেলের আনুশকার এই ছবি শেয়ার করা হয়। আর ছবিতে তার মাথায় ফটোশপ করে সিঁদুর দেওয়া হয়। এতেই ক্ষিপ্ত হন নেটিজেনরা। বেশিরভাগের মতে, সিঁদুর পরা না পরা একজন নারীর ব্যক্তিগত বিষয়। তার কী করা উচিত? কী করা উচিত নয়, তা বলার অধিকার কারো নেই।

আনুশকা পরবর্তীতে এ প্রসঙ্গ বলেন, ‘আসলে ভক্তদের নিয়ে কোনো অভিযোগ নেই। তবে এমনকিছু না হোক যে কারণে ভক্তরা নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি করেন। জীবনের সবচেয়ে সুন্দর সময়ে আছি। এই সময় সবার ভালোবাসা চাই শুধু।’

২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ায় বিরাট ও আনুশকা নিজেদের প্রথম সন্তানের আগমন বার্তা দেন। তারপর থেকেই নানা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেত্রী। সন্তানসম্ভবা অবস্থাতেই দুবাইয়ে আইপিএলের আসরে বিরাটের সঙ্গে ছিলেন। সেখানেও ছবি আপলোড করায় কমতি ছিল না তার।