স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চোট কাটিয়ে সুস্থ হয়ে দলে ফিরলেন নেইমার-কিলিয়ান এমবাপেরা। তবুও পিএসজির হার এড়ানো হলো না। দুই গোলে এগিয়ে গিয়েও মোনাকোর মাঠে ৩-২ ব্যবধানে হেরেছে কোচ থমাস টুখেলের শিষ্যরা।
শুরুর অর্ধে এমবাপের জোড়া গোলে এগিয়ে থেকেই ফরাসি চ্যাম্পিয়নরা বিরতিতে যায়। এরপরই যেন ছন্দপতন! কেভিন ভলান্ডের জোড়া গোল আর শেষ দিকে সেস্ক ফ্যাব্রেগাসের পেনাল্টিতে মোনাকোর মাঠে পরাজয়ই নিয়তি হয় পিএসজির। মৌসুমের প্রথম দুই ম্যাচে দুই হারের পর এটিই দলটির প্রথম পরাজয়। দ্বিতীয়ার্ধের এমন পারফর্ম্যান্সকে ‘বিপর্যয়’ বলেই আখ্যা দিলেন কোচ টুখেল। বললেন, ‘বিপর্যয়? হ্যাঁ, দ্বিতীয়ার্ধটা। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করছিলাম ভালোই, দুটো গোল করেছি, আরো দুটোর সুযোগ ছিল আমাদের।’
কোচ টুখেল বিপর্যয়ের কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন মনোযোগহীনতাকেই, ‘দ্বিতীয়ার্ধে একই মনোযোগ নিয়ে খেলিনি আমরা। মোটেও ম্যাচ নিয়ে সিরিয়াস ছিলাম না। একই মান নিয়ে বল জেতার চেষ্টা করিনি। জয়ের অবস্থান থেকেও হেরে গেলাম, এই পরাজয়ের দায় সম্পূর্ণ আমাদেরই। খেলোয়াড়রা একে মনে করছিল ৩-০ বা ৪-০ কিন্তু তখনো স্কোরলাইনটা ২-০ই ছিল, এটা ব্যাখ্যাতীত।’
দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সকেও রীতিমতো তুলাধুনা করলেন জার্মান এই কোচ। টুখেলের ভাষ্য, ‘সমালোচনা মাথাপেতে নিচ্ছি। কারণ আমরা একেবারে খেলাই বন্ধ করে দিয়েছিলাম, আর আমরা জয়ের জন্য প্রয়োজনীয় যেসব কাজ করার ছিল, সেগুলো করতে পারিনি।’
