নাটোর-নলডাঙ্গা সড়ক খানাখন্দে ভরা

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:১৯

সংস্কারের দাবি স্থানীয়দের

নাটোর প্রতিনিধি

নাটোর থেকে নলডাঙ্গা উপজেলার দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। এই ১৩ কিলোমিটার পাকা সড়কে রয়েছে হাজারো গর্ত। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না করার ফলে অধিকাংশ সড়কটিতে বহু খানাখন্দকের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ যেন এক মরণ ফাঁদ। এতে একদিকে যেমন জনগণের দুর্ভোগ বাড়ে তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর যানবাহনের ক্ষয়ক্ষতিও বাড়ছে। দ্রুত এ সড়কটির সংস্কার এখন এলাকাবাসীর দাবি।

এই রাস্তায় নিয়মিত চলাচলকারী নলডাঙ্গার তৌহিদুর রহমান লিটনসহ বেশ কয়েক জন জানান, নাটোর-নলডাঙ্গা পাকা সড়কটি দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি। মাঝে মধ্যে সামান্য জায়গায় সংস্কার করলেও পুরো রাস্তা সংস্কার করার কোনো উদ্যোগ নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে পুরো সড়কটি ভেঙে বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়েছে। সিএনজি চালক বল্টু ও অটো চালক বাবু জানান, এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। অনেক সময় দুর্ঘটনা ঘটে। আগে যেখানে ২৫ মিনিটে নাটোর থেকে নলডাঙ্গা পৌঁছানো যেত এখন সেখানে অনেক বেশি সময় লাগে।

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, সময় বাঁচাতে, দুর্ভোগ কমাতে ও দুর্ঘটনা এড়াতে এই রাস্তাটি অতি দ্রুত ঠিক করা প্রয়োজন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট বিভাগকে বার বার জানালেও কোনো ফল হয়নি। এ ব্যাপারে নাটোর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুর রহিম বলেন, বৃৃষ্টি-বাদল লেগে থাকায় সড়কটি সংস্কারের কাজ শুরু করা হয়নি। এই অর্থবছরে সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে।