গাছে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার-ফেস্টুন

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:২৬

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ হাটবাজারের মোড়ে গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন কোচিং সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিত্সক ও রাজনীতিকের ফেস্টুন-ব্যানার। এছাড়া আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের ব্যানার, ফেস্টুনও টানানো হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সচেতন মহল ও পরিবেশবাদী সংগঠনগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, গাছে পেরেক মেরে ব্যানার-ফেস্টুন বা বিজ্ঞাপনজাতীয় কোনো কিছুই টাঙানো ঠিক নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ থেকে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।