জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
জুড়ীতে এবার আমনের ফলন ভালো হয়েছে। কৃষকেরা সোনালি ধান ঘরে তুলতে শুরু করেছেন। উপজেলার গোয়ালবাড়ি, ছোটধামাই, নয়াবাজার, সাগরনাল বরইতলীসহ বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, কৃষক ও কৃষি শ্রমিকরা আনন্দ চিত্তে আমন ধান কাটায় ব্যস্ত। অনেকের ধান কাটা শেষ হয়ে গেছে। আবার বহু জমিতে এখনো ধান কাঁচা রয়ে গেছে। কৃষকরা জানান, জুড়ীতে এবার চাহিদাতিরিক্ত ধান উত্পন্ন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এ বছর জুড়ীতে ৮ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
