খালিয়াজুরীতে সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:২৯

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

খালিয়াজুরীতে ইঞ্জিন চালিত নৌকার পাখা থেকে পানির ছিটা পড়াকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। শনিবার সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবক স্বাস্থ্য মিয়া ঐ ইউনিয়নের বল্লী বাগানবাড়ী গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লেপসিয়া বাজার ঘাটে স্বাস্থ্য মিয়াদের ইঞ্জিন চালিত নৌকার পাখা ঘোরার সময় পাখা থেকে ছিটকে পাশের নৌকায় থাকা ফরিদপুর গ্রামের আসরাফুল ইসলামের ওপর পানির ছিটা পড়ে। বিষয়টি নিয়ে ঐ দুই পক্ষের ঝগড়া বাধলে মাথায় রডের আঘাতে ঘটনাস্থলেই মারা যান স্বাস্থ্য মিয়া। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি ও অপরাধীদের ধরার চেষ্টা চলছে। লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।