‘পুথিগত বিদ্যা দিয়ে হুমায়ূন আহমেদ হওয়া যায় না’

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:৩০

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, কেবল পুথিগত বিদ্যা দিয়ে প্রকৃত মানুষ হওয়া যায় না। পুথিগত বিদ্যা দিয়ে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু একজন হুমায়ূন আহমেদ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য বই বেশি বেশি পড়তে হবে। শনিবার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ আয়োজিত হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী ও চারতলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ূন পত্নী স্থপতি মেহের আফরোজ শাওনের সভাপতিত্বে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন অন্য প্রকাশনীর মালিক মাজহারুল ইসলাম, সাংবাদিক জ ই মামুন প্রমুখ।