শ্রীমঙ্গল পৌরসভা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গল পৌরসভার সীমানা বাড়ানো ও নির্বাচনের দাবিতে শনিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌমুহনা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ। এদিকে ঐ স্থানে সমাবেশের কারণে ঢাকা-সিলেট-মৌলভীবাজারের আঞ্চলিক মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ‘শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মো. আছকির মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব তফাজ্জল হোসেন ফয়েজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউসুফ আলী প্রমুখ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পৌরসভার সীমানা নির্ধারণ করে ম্যাপ তৈরির কাজ চলছে। ম্যাপ তৈরির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
