স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে সংবাদকর্মীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে শনিবার মানববন্ধন করা হয়েছে। রংপুর প্রেসক্লাবের সামনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুর ও রংপুরে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবস্থান কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। টিসিএ রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাংবাদিক লিয়াকত আলী বাদল প্রমুখ।
