সাপের কামড়ে ফুলবাড়ীর এসিল্যান্ড আহত

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:৩১

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ শনিবার সাপের কামড়ে আহত হয়েছেন। ভূমিহীনদের গৃহ নির্মাণের জন্য উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর এলাকার খাসজমি পরিদর্শনকালে একটি ছোট ডারাস সাপের কামড়ে আহত হন তিনি। আহত এসিল্যান্ড কানিজ আফরোজ বলেন, খাস জমি পরিদর্শনে যাওয়ার সময় এক ফুট লম্বা একটি সাপের শরীরে পা পড়ার পরপরই সাপটি তাকে আঘাত করে পালিয়ে যায়। তাত্ক্ষণিক বিষয়টি বুঝতে না পারলেও পরে বাম পায়ের নিচে রক্ত দেখে তিনিসহ তার সহকর্মীরা বুঝতে পারেন সাপটি কামড় দিয়ে পালিয়ে গেছে। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনি তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে তাকে উন্নত চিকিত্সার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।