আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
অগ্রহায়ণের শুরুতেই আগৈলঝাড়ায় আকস্মিক বৃষ্টিতে বীজতলা ও শীতকালীন শাকসবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আসন্ন ইরি-বোরো মৌসুমে আগাম চাষাবাদের জন্য উপজেলার কৃষকরা তাদের জমির আগাছা পরিষ্কারসহ জমিতে লাগানোর জন্য বীজতলায় বীজ বপণ করেছিল। শনিবার সকালে আকস্মিক বৃষ্টিতে তাদের সেই বীজতলা পানিতে তলিয়ে গেছে। সেচ প্রয়োগের মাধ্যমে কিছু বীজতলা রক্ষা করতে পারলেও বেশির ভাগ বীজতলা পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। অন্যদিকে বৃষ্টিতে শীতকালীন শাকসবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতের লাল শাক, পালং শাক, মুলা, কপির চারা মাটির সঙ্গে মিশে গেছে বলে জানিয়েছেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল। তিনি আরো বলেন, ক্ষতগ্রস্ত কৃষকের তালিকা করা হবে।
