কৃত্রিম প্রজননবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় তিন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও টেকনেশিয়ানদের অংশগ্রহণে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম প্রজনন কেন্দ্র কুমিল্লার আয়োজনে শনিবার দিনব্যাপী নগরীর টাউন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) এ কে এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. আবুল কালাম আজাদ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন ও ঘাস উত্পাদন) ডা. ভবতোষ কান্তি সরকার।
জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক সেমিনার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমা-রউফ চৌধুরী অডিটোরিয়ামে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা ঢাকাস্থ চাটমোহর উন্নয়ন ফোরামের উদ্যোগে চাটমোহরে ২য় দিনের মতো শনিবার দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলার পার্শ্বডাঙ্গা, ফৈলজানা ও হান্ডিয়াল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ঢাকাস্থ চাটমোহর উন্নয়ন ফোরামের সভাপতি পুলিশের অতিরিক্ত ডিআইজি, র্যাব-৪-এর পরিচালক মোজাম্মেলক হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অসহায় নারীরা পেল সেলাই মেশিন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে অসহায় ও দুস্থ নারীদের বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নাসিরনগর সদর ইউনিয়নের ২২ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মোজেল উদ্দিন ভুঁইয়া।
স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যা উপজেলায় কাব স্কাউটিং সম্প্রসারণ ৪র্থ পর্যায়ের প্রকল্পের অর্থায়নে ১ হাজার ২৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। শনিবার ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ।
স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়ার গাভা-নরেরকাঠিতে মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর ব্রাশ ফায়ারে বধ্যভূমিতে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভের নির্মাণ ও সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বরিশাল-০২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় মতবিনিময়
খুলনা অফিস করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় শনিবার খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি ডায়ালগ সেন্টারে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (কেটিজেএ) উদ্যোগে ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা :মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। অনুষ্ঠানে ফোকাল পারসন ছিলেন খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও বিএমএর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ।
নওগাঁয় বিনা মূল্যে মাস্ক বিতরণ
নওগাঁ প্রতিনিধি নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে মুক্তির মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে এসব মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, সদর উপজেলা কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
