হেফাজত সরকারবিরোধীও নয়, সরকারদলীয়ও নয়

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:৩৪

সিলেটের সমাবেশে বাবুনগরী

সিলেট অফিস

হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমীর, শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী মদিনা সনদের আলোকে দেশ পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মদিনা সনদের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ শক্ত হাতে দমনেরও পরামর্শ দেন সরকারকে। ফ্রান্সে মহানবি (স.) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুনগরী। শনিবার সন্ধ্যায় নগরীর রেজিস্ট্রারী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা জিয়া উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বেলা ২টা থেকে সমাবেশ শুরু হলেও আগে থেকেই জমায়েত শুরু হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসিমী, নায়েবে আমীর অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের, উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী, শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক আকুনী, নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী,সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব ও সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন।