ধামরাইয়ে সংযোগ সড়ক না থাকায় অকেজো কালভার্ট

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২২:১৬

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে ভাড়াড়িয়া ইউনিয়নের তেঁতুলিয়া দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত কালভার্টের উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় জনদুর্ভোগ আগের চেয়ে বেড়েছে। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পথচারী কালভার্টে ওঠানামা করলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতুতে স্থাপিত ফলক অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আতিয়ার এন্টারপ্রাইজের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ধামরাই অফিস ২০১৮-২০১৯ অর্থবছরের এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বিল দেওয়া-নেওয়া নিয়ে কিছু অনিয়মের কথাও উঠেছে বিভিন্ন সূত্রে। ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, প্রকল্পটি ২০১৮-১৯ অর্থবছরের হলেও ২০২১ সালের জুন মাস পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে। জনদুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত কালভার্টটির উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর।