প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় দুদক চেয়ারম্যান
ইত্তেফাক রিপোর্ট
করোনাকালের এই মহাসংকটেও দুদক দায়িত্ব পালনে পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল দুদকের ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এবার এমন সময় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হচ্ছে, যখন শুধু দুর্নীতি দমন কমিশন বা বাংলাদেশ নয়, সারা বিশ্বই মহাসংকটকাল অতিক্রম করছে। এই মহাসংকটকালেও দেশের দুষ্ট চক্রের কালো হাত থেমে নেই। সে কারণেই মাস্ক কেলেঙ্কারি, করোনা টেস্ট জালিয়াতি, ত্রাণসামগ্রী আত্মসাত্, চিকিত্সা জালিয়াতির মতো ঘটনা আমাদের সামনে এসেছে। আমরাও দায়িত্ব পালনে পিছপা হইনি। তাদের বিরুদ্ধে আইনি উদ্যোগ গ্রহণ করি। এই দায়িত্ব পালন করতে গিয়েই আমাদের ৭০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তিন জন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা-কর্মচারীকে হারিয়েছি। তার পরও দুর্নীতিপরায়ণদের সুখকর সময় পার করতে দেওয়া হচ্ছে না।
দুদক চেয়ারম্যান বলেন, আমাদের কাজটি ধন্যবাদহীন। এ কারণেই দুর্নীতির মূলোত্পাটনে দেশের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। তাই দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, গণমাধ্যম, সুশীল সমাজ, রাজনীতিবিদসহ সবাইর সমন্বিত সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে।
দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, শিক্ষিত হয়েও যারা দুর্নীতি করছেন, তারা জঘন্য অমানবিক অপরাধ করছেন। তাদের মানবিক নয়; পাশবিক গুণাবলি রয়েছে। সবাই সন্তানদের জজ-ব্যারিস্টার, ডাক্তার-ইঞ্জিনিয়ার, সরকারি বড় কর্মকর্তা বানাতে চান। তবে সন্তানদের মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজও একই সঙ্গে করতে হবে। দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, লকডাউনকালে যখন সব অফিস আদালত বন্ধ ছিল, তখনও দুদক মামলা করেছে, আসামি গ্রেফতার করেছে। সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। তথ্যপ্রযুক্তির কারণেই দুদকের ৯০ শতাংশেরও বেশি নথি ই-নথির মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।
দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগের মহাপিরচালক এ কে এম সোহেল, গোয়েন্দা অনুবিভাগের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন ও যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সায়াদাত। এছাড়া ভার্চুয়াল এ আলোচনাসভায় দুদকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
