শিশুকন্যাকে আছড়ে হত্যা করল পাষণ্ড পিতা

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২২:১৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের দক্ষিণ পাড়াগাঁও এলাকার কামাল হোসেন তার ২৬ দিন বয়সের শিশুকন্যাকে গতকাল আছড়ে হত্যা করেছে। স্ত্রী খাদিজার গর্ভে পুত্রসন্তান না হয়ে কন্যাসন্তান জন্ম হওয়ায় কামাল ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার বাবুল হোসেনের ছেলে কামাল হোসেন দুই বছর আগে পাড়াগাঁও গ্রামের হারুন অর রশিদের মেয়ে খাদিজা আক্তারকে বিয়ে করে। কামাল আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকার একটি রেস্টুরেন্টের কর্মচারী। কামাল হোসেনের পুত্রসন্তান হলে সেখানে নিঃসন্তান এক ধনী পরিবারের কাছে বিক্রি করবে মর্মে চুক্তি হয়। গত ২৭ অক্টোবর খাদিজা আক্তার একটি কন্যাসন্তান প্রসব করেন। এর পর থেকে কামাল তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল স্ত্রীর সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে কামাল হোসেন শিশুকন্যা মিম আক্তারকে আছড়ে হত্যা করে।