ফায়ার সার্ভিসের ৪৪ জন পেলেন রাষ্ট্রীয় পদক

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২২:১৮

বিশেষ প্রতিনিধি

অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪ জনকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে। গতকাল ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ফায়ার সার্ভিস সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ জানান, পদকপ্রাপ্ত ৪৪ জনের মধ্যে ১০ জন পেয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক, ১৫ জন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক, ১০ জন পেয়েছেন প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক এবং ৯ জন পেয়েছেন প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। ধন্যবাদ জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। সূচনা বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমান। এ সময় প্রধান অতিথিকে অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।