পাঁচ দিন পর শনাক্ত ২ হাজারের নিচে

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২৩:০৬

পাঁচ দিন পর করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজারের নিচে নেমেছে। ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজারের অধিক। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন। গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে মারা গেছে ২৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৯২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি ল্যাবে ১২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৩৫ হাজার ২০২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ১০ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।