সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২৩:০৭

যথাযথ মর্যাদা ও উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়েছে। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোত্সর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবগণ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

 ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন এবং রেডিও চ্যানেলে     একযোগে প্রচার করা হয়। দিবসটি উপলক্ষ্যে তিন বাহিনী প্রধানগণ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)-এর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যাত্রা শুরু করার পর থেকে সশস্ত্র বাহিনী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনেক প্রশংসনীয় অবদান রেখেছে এবং চলমান কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলার জন্যও কাজ করছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সাক্ষাত্কালে নিজ নিজ বাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিন বাহিনীর প্রধান ছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী।