স্টাফ রিপোর্টার, দিনাজপুর
সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা মামলায় তারই অফিসের বরখাস্তকৃত কর্মচারী (মালি) রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি রবিউল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ঠিক দুই মাসের মাথায় তাকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হলো। এ কথা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।
দিনাজপুর ডিবির ওসি ইমাম জাফর জানান, ঘোড়াঘাট আমলি আদালতে গতকাল দুপুরে চার্জশিট দাখিল করা হয়। ফরেনসিক রিপোর্ট ও নিবিড় তদন্তের মাধ্যমে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি রবিউল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। অন্য চার আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় চার্জশিটে। এই মামলায় ইউএনও অফিসের বরখাস্তকৃত কর্মচারী (মালি) রবিউল ইসলামসহ পাঁচ জনকে আসামি করা হয়। অন্য চার আসামি হচ্ছে—ঘোড়াঘাট পৌর যুবলীগের বহিষ্কৃত নেতা আসাদুল ইসলাম, রংমিস্ত্রী নবীরুল ইসলাম, সান্টু কুমার দাস ও ইউএনওর বাসভবনের নৈশপ্রহরী নাদিম হোসেন পলাশ।
