ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপা আওয়ামী লীগের সঙ্গে মহাজোটবদ্ধ নির্বাচন করেছে। নির্বাচনে আওয়ামী লীগকে জাপা সাহায্য করেছে, আওয়ামী লীগও জাপাকে সাহায্য করেছে। আমাদের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে। তার মানে এই নয় যে, জাপা আওয়ামী লীগ হয়ে গেছে। অনেকেই মনে করেন জাপা এখন আওয়ামী লীগ হয়ে গেছে, এটা তাদের ভুল ধারণা। জনগণ যদি মনে করে জাপা ও আওয়ামী লীগ এক তাহলে সেটি কারো জন্যই সুখকর নয়। এতে জাপা ও আওয়ামী লীগের শত্রুরা লাভবান হবে, তারা আমাদের ভোট নিতে চেষ্টা করবে। গতকাল শনিবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাপার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, দেশে আজ রাজনৈতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। এটি ভালো লক্ষণ নয়। রাজনৈতিক দল যত বেশি থাকবে জবাবদিহিতা তত নিশ্চিত হবে। আজ আইন করেও অপরাধ ঠেকানো যাচ্ছে না। এর কারণ দেশে সুশাসনের অভাব। তিনি বলেন, জাপার নিজস্ব স্বতন্ত্র রাজনীতি রয়েছে। আমরা চাই আমাদের বক্তব্যে আমরা আমাদের রাজনীতি জনগণের কাছে তুলে ধরব। জাপা চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস আবারও ভয়াবহ রূপ নিতে পারে। মফস্সলের অবস্থা ভয়াবহ। বেশির ভাগ হাসপাতালে আইসিইউ নেই।
সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি ও দুঃশাসনে ছেয়ে গেছে দেশ। মানুষের জীবনের নিরাপত্তা নেই, বাক্স্বাধীনতা নেই। জনগণ আজ কথা বলতেও ভয় পাচ্ছে। সেই ভয় ভাঙতে হবে। প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ইসলামি মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাপা দীর্ঘ তিন দশক ধরে কাজ করে যাচ্ছে।
