আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বৃষ্টি আক্তার (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় সান্তাহার পৌর এলাকার চা-বাগান মহল্লায় ঘটনাটি ঘটে। ঐ দিন দুপুরে নিহতের মা শাহানাজ বেগম বাদী হয়ে থানায় বৃষ্টির স্বামী রমজান ও ননদ স্বপ্নাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত তিন বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বৃষ্টিকে বিয়ে করেন রমজান। গত বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংক থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন বৃষ্টি। রমজান এ টাকা চেয়ে বৃষ্টির কাছ থেকে না পাওয়ায় তার ওপর নির্যাতন শুরু করেন। একপর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টায় স্বামী রমজান ও ননদ স্বপ্না মিলে তাকে পিটিয়ে ও গলায় ওড়নার ফাঁস দিয়ে হত্যা করে। হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে স্বামী-ননদ মিলে ভ্যানে করে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত বলে জানিয়ে দেন। লাশ বাড়ি নিয়ে আসলে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজান পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।
