পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২৩:১৬

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘পুরোনো অনেক মামলা আছে, যেগুলো শুনানির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে পুরোনো বেশ কিছু মামলা আমরা খুঁজে বের করেছি। কিছু মামলার শুনানি আরম্ভ হয়ে গেছে। আশা করি পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে পারব।’ করোনার সময় কোর্ট বন্ধ থাকায় বেশি নতুন মামলা না হওয়ায় পুরোনো মামলাগুলোতে বেশি কাজ করা যাবে। গতকাল শনিবার দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেগুলো সম্পন্ন হলেই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফতিহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্ট নিহত সব শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান, ব্যারিস্টার মইনুল হোসেন, রেজাউল করিম, ওয়ারেস আল হারুনি, এ কে এম আমিনুদ্দিন, কামরুল হাসান আসলাম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুলসহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।