ফতুল্লায় এক বাড়িতে সিগারেটের আগুনে স্বামী-স্ত্রী ও তাদের কন্যা দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চিকিত্সাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়েছে। স্ত্রী ও শিশুকন্যা ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিত্সাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল শনিবার ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়িতে রাত ৮টায় এ ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়া বাসায় একটি রুমে দীপায়ন সরকার (৩৫), তার স্ত্রী পপি সরকার (৩০) ও শিশুকন্যা দিয়া রানী সরকার (০৫) বসবাস করতেন। পরিবারের দাবি-সিগারেটের আগুন থেকে তাত্ক্ষণিক ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের তিন জনই দগ্ধ হন।
বাড়ির পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাদের তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিত্সাধীন অবস্থায় দীপায়ন সরকার রাতে মারা যান। তিনি আরো জানান, পপি সরকার ও তার শিশুকন্যা দিয়া রানীর অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে আরো তদন্ত করে দেখা হচ্ছে।
