করোনা ভাইরাস মোকবেলায় ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন জি-টুয়েন্টিভুক্ত ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী দিনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন জোটের নেতারা।
বার্তা সংস্থা রয়টার্স জি২০ সম্মেলনের নেতাদের দেওয়া একটি যৌথ বিবৃতির খসড়া প্রকাশ করেছে। সেখানে বলা হয়, সকল মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন এবং সকলকে ন্যায্য সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা সকল চেষ্টা করবো।
স্বাগতিক দেশ হিসেবে শনিবার সৌদি আরবের বাদশাহ সালমান জি-২০'র ১৫তম সম্মেলনের উদ্বোধন করেন। ভার্চুয়ালি এতে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জি- টুয়েন্টিভুক্ত ১৯ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ সম্মেলনের প্রথমদিনের (২১ নভেম্বর) মূল বিষয় ছিলো করোনা মোকাবিলা এবং করোনাকালে ক্ষতি হওয়া অর্থনীতি পুনরুদ্ধার।
সম্মেলনে যোগ দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির পুনরুদ্ধারে যথেষ্ট ভুমিকা রেখেছেন ট্রাম্প। এছাড়াও সব দেশের নিরাপদ টিকা পাওয়ার অধিকার আছে বলেও মন্তব্য করেন পুতিন।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান করোনার প্রভাবে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ জি-২০ ভুক্ত ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
