প্রথম ম্যাচে অনিশ্চিত সাইফউদ্দিন

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:০০

গোড়ালির ইনজুরি

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার দলে টানেনি মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম ক্রিকেটার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়েছিল দলটি। তাতেই স্পষ্ট তরুণ এই পেস বোলিং অলরাউন্ডারের প্রতি দলটির নির্ভরতা, আস্থার ছবিটা। ড্রাফট শেষে রাজশাহীর দলটাতে চোখ রাখলেও দেখা যায়, সাইফউদ্দিনই এখানে বড় তারকা।

রাজশাহীর ভরসার ভিত গতকাল বড়োসড়ো ধাক্কা খেয়েছে। অনুশীলনের আগে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাইফউদ্দিন। বিসিবি একাডেমি মাঠে গতকাল পরে আর অনুশীলন করতে পারেননি তিনি। এমনকি ক্র্যাচে ভর দিয়ে বাসে উঠতে দেখা গেছে এই তরুণকে।

চোটের গভীরতা এখনো স্পষ্ট নয়। গতকাল স্ক্যান করার কথা ছিল। যদিও গতকাল সন্ধ্যায় রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, সাইফউদ্দিনের পায়ের স্ক্যান করা হয়নি। পায়ের ফোলা কম বলে স্ক্যান করার প্রয়োজনবোধ করেনি ফিজিও। আজ সকালে পায়ের অবস্থা পর্যবেক্ষণের পরই পরবর্তী সময়ের করণীয় ঠিক হবে।

আগামীকাল বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিরুদ্ধে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এটুকু অনেকটাই নিশ্চিত যে, প্রথম ম্যাচে সাইফউদ্দিনকে পাচ্ছে না দলটি। জানতে চাইলে গতকাল রাজশাহীর কোচ সরোয়ার ইমরান বলেছেন, ‘কাল (আজ) সকালে ফিজিও রিপোর্ট দেবেন। পরশুর ম্যাচ না-ও খেলতে পারে। আমি নিশ্চিত নই। তবে আমি আশাবাদী। ফিজিওর রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে।’

ম্যানেজার হান্নান সরকারের দেয়া তথ্য মতে, মাঠে খুঁড়িয়ে হাঁটলেও সাইফউদ্দিনের পায়ের গোড়ালি বেশি ফুলে যায়নি। গতকাল তিনি বলেছেন, ‘আজকে (গতকাল) কিছু বলা যাচ্ছে না। ফিজিওর পর্যবেক্ষণে থাকবে। কালকে (আজ) ফিজিও একটা ধারণা দিতে পারবেন, কী অবস্থা। এক দিনে ফোলা যদি কমে যায়, খুব বেশি চোখে পড়ার মতো ফোলা বা কিছু নেই, তাই সে (ফিজিও) এক্সরে করা পর্যন্ত যেতে চাচ্ছে না। তেমন পরিস্থিতি হলে এক্সরে করবে।’