বরিশালের জেলা প্রশাসককে শুভেচ্ছা জানালেন প্রাক্তন শিক্ষার্থীরা

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:২৯

বরিশাল অফিস

করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে অসহায় মানুষের সহযোগিতায় সার্বক্ষণিক পাশে থাকায় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। বরিশালের প্রাক্তন শিক্ষার্থীরা (এসএসসি-৯০ ব্যাচ) গতকাল রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা প্রদান করেন। ৯০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী জাতীয় পর্যায়ের ছড়াকার ও কলামিস্ট নাসির উদ্দিন আল মামুন জানান, ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহারসহ যে কোনো মাধ্যমে সংবাদ পাওয়া মাত্রই বরিশালের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন জেলা প্রশাসক। সামাজিকভাবে মানুষের পাশে থাকার জন্য সাবেক শিক্ষার্থীরা মিলে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেই। সে লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, মো. আবু ফয়সাল খান, ফৌজিয়া নাসরিন, শাহানাজ মিতা, অ্যাডভোকেট শামিমা রশিদ লিমা এ সংবর্ধনা প্রদান করেন।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ইত্তেফাককে জানান, ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহারের মাধ্যমে যখনই যেখান থেকে সংবাদ এসেছে সেখানেই প্রধানমন্ত্রীর তহবিল থেকে এবং সরকারের সব ধরনের সহায়তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে।