বোনের যাবজ্জীবন ভাইকে সাত বছর

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩১

কিশোরগঞ্জে হত্যা ও লাশ গুম

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরের কোনাপাড়া গ্রামের মসজিদের ইমাম হাফেজ মো. খোকন ওরফে মিজানুর রহমান ওরফে মিজান মিয়াকে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন, ২ লাখ টাকা জরিমানা এবং লাশ গুমের দায়ে ঐ নারীসহ তার ভাইকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। রবিবার কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।  যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলো কোনাপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ময়না আক্তার এবং অপর দণ্ডপ্রাপ্ত তার ভাই মনোহরপুর গ্রামের মনির হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট যজ্ঞেশ্বর ঘোষ জানান, ময়না আক্তারকে বেপর্দাভাবে চলাচল করতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৫ আগস্ট রাতে ইমাম খোকনের ঘরে ঢুকে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে ভাইবোন মিলে লাশ গুমের চেষ্টা করে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন।