শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনদস্যু মাসুদ বাহিনীর অমানসিক নির্যাতন শেষে মুক্তিপণের টাকা দিয়ে বাড়ি ফিরেছেন জেলে ঈমান আলী সরদার। রবিবার ভোর ৬টার দিকে অন্য জেলেদের সহায়তায় নৌকাযোগে তিনি বাড়িতে ফেরেন। ঈমান আলী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের মৃত আমির চাঁদ সরদারের ছেলে। ঈমান আলী জানায়, গত ১৩ নভেম্বর কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে অপর দুই সহযোগীকে নিয়ে সুন্দরবনের বঙ্গোপসাগরসংলগ্ন মোহন্তখালী খালে মাছ ধরার সময় বনদস্যু মাসুদ বাহিনী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। বনদস্যুরা পরবর্তী সময়ে দুই সহযোগী জেলেকে ছেড়ে দিয়ে মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করে। অবশেষে মুক্তিপণের ৫০ হাজার টাকা পরিশোধ করা হলে তাকে ছেড়ে দেয়। কৈখালী স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
