রাজশাহীতে পদ্মায় ডুবে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

মহানগরীর উপকণ্ঠ পবা উপজেলার হারুপুর আইবাঁধের কাছে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত রকিমুনেচ্ছা (৭০) কাশিয়াডাঙ্গা থানাধীন গোবিন্দপুর উপজেলার মৃত আতাহার আলীর স্ত্রী। রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, রকিমুনেচ্ছা দুপুরে পদ্মায় গোসল করতে গেলে ডুবে যান। স্থানীয়রা তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারির নেতৃত্বে লিডার মো. শামসুল আলম, ডুবুরি রিপন হোসেন ও জুয়েল রানার সহযোগিতায় ডুবুরি আব্দুর রাজ্জাক তাকে উদ্ধার করে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মিরসরাইয়ে পুকুরে

ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে রবিবার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আওসাফ আরাফ (দেড় বছর)। সে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এমদাদ হোসেনের ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. আবু শাহাদাত সায়েম বলেন, আরাফ সকালে বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির পর আরাফকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।