রাজাপুর হানাদার মুক্ত দিবস আজ

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩৪

রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা

আজ ২৩ নভেম্বর, রাজাপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে রাজাপুরকে হানাদার বাহিনী ও তাদের দোসরমুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এ যুদ্ধে নেতৃত্ব দেন ৯ নম্বর সেক্টরের অন্যতম সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন মু. শাহজাহান ওমর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর বীর উত্তম খেতাবে ভূষিত হন। ঐ দিনের যুদ্ধে শহিদ হয়েছিলেন আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামের দুই মুক্তিযোদ্ধা। আহত হন কমপক্ষে ২০ জন মুক্তিযোদ্ধা। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার রাজাপুর প্রেসক্লাবে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা সদরে নবনির্মিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।