বিসিকের স্কিটিতে চারটি প্রশিক্ষণ শুরু

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩৬

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ  ইনস্টিটিউটে (স্কিটি) বিসিকে নব যোগদানকৃত ৬ষ্ঠ ও ৯ম গ্রেডের কর্মকর্তাদের ২১ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ, বিসিক কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্যোক্তাদের জন্য ‘বিপণন পরিকল্পনা ও বিক্রয় প্রসার’ ও ‘নতুন ব্যবসায় অর্থায়ন’ শীর্ষক  চারটি প্রশিক্ষণ কোর্স যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে। রবিবার বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সগুলোর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিক মহাব্যবস্থাপক ও স্কিটির অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল আলম। সভাপতিত্ব করেন  বিসিক পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, ২০৪১ সালের  মধ্যে ৪০ হাজার একর জমিতে ১০০টি পরিবেশবান্ধব শিল্পনগরী স্থাপনের যে মহাপরিকল্পনা বিসিক গ্রহণ করেছে তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিসিকে কর্মরত প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।—প্রেস বিজ্ঞপ্তি