বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সমীপে

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৪০

বাংলাদেশ ব্যাংক, মতিঝিল শাখায় সঞ্চয়পত্র ক্রয় এবং ভাঙাতে গিয়ে গ্রাহকগণ হয়রানি হয়ে থাকেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় বিভিন্ন ডেস্কে কর্মরতরা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাছাড়া কাউন্টারে বা ডেস্কের দায়িত্বে থাকা কর্মচারীরা ঢিলেঢালাভাবে কাজ সম্পন্ন করে থাকেন। গ্লাসের বেষ্টনীর ভেতরে যাঁরা কাজ করেন, তাঁরা কাজ করেন ধীর লয়ে। উত্তর থেকে দক্ষিণে লম্বালম্বি কাউন্টারে যাঁরা রয়েছেন, তাঁদেরও প্রায়শ কাজহীন বসে থাকতে দেখা যায়। ব্যাংকের সিসি টিভি/ক্যামেরা ফুটেজ দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে। উত্স আয়কর কর্তনের রসিদ যেখানে ২/৩ দিনে দেওয়া যায়, সেখানে ১০ দিন সময় লাগে। এতে করে আয়কর প্রদানকারীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোনোরকম ক্রোধ ও বিদ্বেষের বশে এ অভিযোগ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহক হয়রানি লাঘবে উদ্যোগ নেবেন বলে আশা করি।

দেলওয়ার রশিদ

খিলগাঁও, ঢাকা ১২১৯