ইত্তেফাক রিপোর্ট
টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৭২ হাজার পিস ইয়াবা বড়ি ও একটি কাঠের নৌকা জব্দ করেছে। গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপুরী দ্বীপের জালিয়াপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়। গতকাল রোববার নৌবাহিনীর লেফটেন্যান্ট (মিডিয়া) খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেওয়ার পর হঠাত্ একটি কাঠের নৌকা মিয়ানমার সীমানা হতে বাংলাদেশের দিকে আসার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে বাংলাদেশ সীমানায় আসার পর কোস্ট গার্ড সদস্যরা তাদের নৌকা থামার জন্য সংকেত দেয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে পাচারকারীরা একটি বস্তা পানিতে ফেলে নৌকা থেকে পানিতে লাফিয়ে তীরে উঠে মিয়ানমার সীমানায় জঙ্গলের ভেতর ঢুকে যায়। পরবর্তীতে পানিতে ভাসমান বস্তাটি উদ্ধার করে এতে ৭২ হাজার পিস ইয়াবা পাওয়ার যায়। ব্যবহূত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
