১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালাবে বিমান

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:১২

আবার ফিরে আসছে ব্রিটিশ এয়ারওয়েজ

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে সপ্তাহে কয়টি ফ্লাইট পরিচালনা করবে, তার বিস্তারিত কিছু জানায়নি বিমান কর্তৃপক্ষ। এর আগে করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় ২৮ অক্টোবর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হয়। যাত্রীসংকটে ঢাকা-কলকাতা ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলেও যাত্রীসংকটে ৫ নভেম্বর থেকেই এই রুটে কোনো ফ্লাইট চালায়নি সংস্থাটি।

আবার ফিরে আসছে ব্রিটিশ এয়ারওয়েজ

ব্রিটিশ এয়ারওয়েজ ফের ঢাকায় তাদের কার্যক্রম শুরু করতে চায়। ঢাকা-লন্ডন রুটে যাত্রী পরিবহন করার জন্য সংস্থাটির আবেদন বিবেচনা করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি। এই এয়ারলাইনসের কার্যক্রম আবার চালু হলে তা দেশের বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ ও সংস্থার আশঙ্কা দূর হবে বলে মনে করছে সরকার। ৩৪ বছর ধারাবাহিকভাবে ফ্লাইট চালানোর পর ২০০৯ সালের ২৯ মার্চ ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে ব্রিটিশ এয়ারওয়েজ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুহিবুল হক বলেন, ব্রিটিশ এয়ারওয়েজের আবেদন সিভিল এভিয়েশন অথরিটির বিবেচনায় রয়েছে। তাদের ফিরে আসতে চাওয়ার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি একটি অন্যতম কারণ।