সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলা বৃদ্ধ ও শিশুসহ আহত ৬

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:১২

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি লিখে না দেওয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও শিশুসহ ছয় জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আলাউদ্দিনের সঙ্গে একই এলাকায় সাহাবুদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার রাতে আলাউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা, ট্যাটা, বল্লম, রামদা, হকিস্টিক, লোহার রড নিয়ে সাহাবুদ্দিনের বাড়িতে হামলা করে। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করতে থাকে। একপর্যায়ে সাহাবুদ্দিনের ষাটোর্ধ্ব শ্বশুর মো. সাত্তারসহ কয়েকজন বাধা দিলে তাদের পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে আকলিমা, শান্ত ও কবিরকে মারধর করা হয়। এসময় আকলিমার ১১ মাস বয়সি শিশুসন্তান সাইদকে কোল থেকে মাটিতে ছুড়ে ফেলে দেয় হামলাকারীরা। ঘটনার সময় ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। আহতদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়।  আলাউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।