বাবার পর মেয়ের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:১২

ফতুল্লায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো এক জন মারা গেছে। গত শনিবার রাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিত্সাধীন বাবা দীপায়ন সরকারের পর মেয়ে দিয়া রানি সরকার মারা গেছে। মা পপি সরকারের অবস্থা এখনো আশঙ্কাজনক। গত শনিবার ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদারবাড়িতে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ পপি সরকারের বরাত দিয়ে দীপায়নের বড় বোনের জামাতা সুসেন সরকার জানান, ‘গত শনিবার রাতে গ্যাস লাইটার দিয়ে মশার কয়েল ধরাতে গেলে রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে একই পরিবারের তিন জন দগ্ধ হয়। তারা হলেন দীপায়ন সরকার (৩৫) ও তার মেয়ে দিয়া রানি সরকার (৫), স্ত্রী পপি সরকার (২৮)। দীপায়ন নেত্রকোনার ইছাপুর এলাকার রাম গোপাল সরকারের ছেলে। এ সময় দগ্ধদের চিত্কারে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’ ডাক্তারের বরাত দিয়ে তিনি বলেন, ‘দীপায়নের শরীরের ৪৮ শতাংশ, দিয়ার ৪০ শতাংশ ও পপির ৩০ শতাংশ পুড়ে গেছে। মূলত তাদের মুখমণ্ডল ও শ্বাসনালি পুড়ে গেছে। যার জন্য গত শনিবার রাতে দীপায়ন ও দিয়া মারা যায়। পপির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে ডাক্তার জানান।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ‘গত শনিবার রাতে বাবা ও মেয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। তাদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।’