আশুলিয়ায় তরুণের অর্ধগলিত ও নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক তরুণের অর্ধগলিত এবং এক অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার একটি জঙ্গল থেকে তরুণের এবং জিরানী বাজার এলাকার একটি বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত তরুণের নাম সোহেল রানা (১৯)। সে গত ১২ দিন ধরে নিখোঁজ ছিল। নিহত সোহেল আশুলিয়ার গৌরীপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করত বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় নিহতের বন্ধু সজীব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এর সঙ্গে জড়িত আরো এক বন্ধু পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সজীব আহমেদ পাবনা জেলার শাজাহানপুর থানার শহীদুল ইসলামের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, গত ১০ নভেম্বর সোহেল রানা নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়ারি করেন তার বাবা। ঘটনার তদন্ত করতে গিয়ে নিখোঁজ সোহেলের বন্ধু সজীবকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সজীব তার বন্ধু সোহেল রানাকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গাবাড়ী এলাকার একটি জঙ্গল থেকে সোহেল রানার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা তিন জনই ঘনিষ্ঠ বন্ধু। পূর্বের মনোমালিন্য ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার জন্য সোহেল রানাকে ১০ নভেম্বর রাতে শ্বাসরোধে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দেয় বন্ধুরা। এ ঘটনায় নিহতের বাবা আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন।   রবিবার দুপুরে গ্রেফতারকৃত সজীবকে আদালতে পাঠানো হয়েছে।