ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ৯ দফা দাবি

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:১৩

৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল রবিবার বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের জরুরি সভা শেষে নেতৃবৃন্দ এ দাবি জানান। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন না করে মামলা করার অনুমতি দিয়ে দিয়েছে। এতে মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ আগামী ৫ ডিসেম্বর একটি মহাসম্মেলনের মাধ্যমে স্থগিত হওয়া আন্দোলনের পরবর্তী নীতিনির্ধারণ ঠিক করা হবে বলে জানান। নেতৃবৃন্দ বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন না করা হলে  দাবি আদায়ে আরো কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হবো। সভায় বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্মআহ্বায়ক তালুকদার মো. মনির, আহম্মদ আলী, হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার, আবুল কাশেম, শওকত রেজা, মতিউল্যাহ মিন্টু, সদস্যসচিব তাজুল ইসলাম, সমন্বয়ক হোসেন আহম্মেদ মজুমদারসহ অন্য নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি