দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০ জন বেশি। এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ৬ হাজার ৩৮৮ জনের মধ্যে ৭৬ দশমিক ৮৫ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ১৫ শতাংশ নারী। গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত দেশে আরো ২ হাজার ৬০ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ আর নারী ১০ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জন করে মোট আট জনের বয়স ৪১ থেকে ৫০ ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১০ বছরের কম।
