সম্প্রতি বিনোদন জগতকে বিদায় জানিয়েছিলেন। এবার নতুন জীবনে পা রাখলেন বিগ বস-৬ খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান। প্রায় চুপিসারেই বিয়ের কাজটি সেরে ফেললেন। বিয়ে করেছেন গুজরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাসকে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা পাজামা পরা মুফতি আনাসের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা। ধবধবে সাদা গাউনে দেখতে দুর্দান্ত লাগছিল তাকে। দুই জন মিলে কেকও কাটেন। এতে লেখা ‘নিকাহ মুবারক’। এরপরই তাতে মন্তব্যের বন্যা বয়ে যায়। ভক্তরা দুই জনকেই শুভেচ্ছা জানান। কেউ কেউ আবার তার এই সিদ্ধান্তে অবাকও হয়েছেন। যদিও অভিনেত্রী সরাসরি কিছু জানাননি। ‘ওয়াজ তুম হো’, ‘জয় হো’র মতো সিনেমায় অভিনয় করেছেন সানা। এছাড়া একাধিক টিভি শোতেও কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বয়ফ্রেন্ডের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর বেশ কিছুদিন অবসাদেও ভুগছিলেন অভিনেত্রী।
গত মাসে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন সানা খান। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানান তিনি। নিজের টুইটার এবং ফেসবুক পেজেও সেই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। গ্লামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান বলে জানান। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘ইহলোকে আল্লাহর আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়। জীবনের যশ, খ্যাতি, ধন, দৌলত উপার্জন তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোভের জীবন ত্যাগ করে মনুষ্যত্বের পথে চলা উচিত। তাই আমিও সেই পথে চলব বলে ঠিক করেছি। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করব। সবাই প্রার্থনা করুন, আল্লাহ যাতে আমাকে পথ দেখান এবং মানুষকে সেবা করার শক্তি জোগান।’
