চট্টগ্রামে জি কে শামীমের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:৪০

কথিত সাবেক যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। জাল কাগজপত্র দাখিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের ৭৫ কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। একই মামলায় তার সহযোগী আরেকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিককেও আসামি করা হয়েছে।

গতকাল রবিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপসহকারী পরিচালক হুমায়ুন কবির মামলাটি রেকর্ড করেন।

দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর উপপরিচালক লুত্ফুল কবির চন্দন জানান, জি কে শামীমের প্রতিষ্ঠানসহ দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র দাখিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ভবন নির্মাণের কাজ নেন। অনুসন্ধানে এর সত্যতা পেয়ে উভয় ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত জি কে শামীম ঢাকার জি কে বি অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। অভিযুক্ত অপর জন হলেন দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম চৌধুরী।