বরগুনায় টাকার জন্য বাবা-মাকে নির্যাতনকারী মেয়ে কারাগারে

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:৪১

বরগুনায় বাবার পেনশনের টাকা না পেয়ে মা-বাবাকে মেরে রক্তাক্ত করার ঘটনায় মেয়েকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা করেন সীমা আক্তারের মা জাহানারা বেগম। পরে রাতেই ঢাকায় পালিয়ে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সীমাকে গ্রেফতার করে পুলিশ। মামলায় সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমানসহ পাঁচ জনকে আসামি করা হয়।

জানা যায়, সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের শিক্ষক আবদুস সোবাহান ২০১৬ সালে অবসরে যান। এ সময় তিনি এককালীন বেশ কিছু টাকা পান। তখন থেকেই সীমা তার বাবা আবদুস সোবাহানের কাছে ১ লাখ টাকা দাবি করে আসছিল। এ ব্যাপারে সীমা জেলা ডিবি অফিসে অভিযোগ করলে অ্যাডভোকেট আবদুল মজিদের মধ্যস্থতায় ৬০ হাজার টাকায় সমঝোতা হয়। কিন্তু সীমা তা না মেনে বিভিন্ন সময়ে বাবা আবদুস সোবাহানকে হেনস্তা করতে থাকে। গত বুধবার আবদুস সোবাহান ও তার স্ত্রী জাহানারাকে ডিবি পুলিশ অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে সীমা ও তার স্বামী হাফিজুর তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাদের  উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) বলেন, কার্যালয়ের ভেতরে নয়, বাইরে বাবা-মা ও মেয়ের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, থানায় মামলার পর সীমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।