খুলনায় জুট মিলে অগ্নিকাণ্ডে চারটি মেশিনসহ অর্ধকোটি টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আসলাম, রবিউল, আকাশ, হেলেনাসহ চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল রবিবার দুপুর পৌনে ১২টার দিকে দীঘলিয়া উপজেলার জামান জুট মিল করপোরেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আসলামকে (৪৫) উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রবিউল ইসলামকে (৩২) স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এবং বাকি দুই জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দীঘলিয়ার জামান জুট মিল করপোরেশনের হার্ড ওয়েস্ট মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই জুট মিলের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। দীঘলিয়া ও দৌলতপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন আসলাম, রবিউল, আকাশ ও হেলেনা।
জামান জুট মিল করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. রিপন মোল্লা বলেন, চারটি মেশিনসহ ৪০ থেকে ৫০ লাখ টাকার পাট পুড়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। চার জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আসলাম নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
দীঘলিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।
