রংপুরে কলেজছাত্রী ও বগুড়ায় শিশু ধর্ষণের শিকার

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:৪২

রংপুরে কলেজছাত্রী ও বগুড়ার শেরপুরে চার বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। উভয় ঘটনায় মামলা হয়েছে।

স্টাফ রিপোর্টার রংপুর জানান, প্রেমের প্রস্তাব দিয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে হোটেলে নিয়ে উপর্যপুরি ধর্ষণ করায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মাহমুদুল গতকাল রাতে জানান, মেয়েটির বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। জানা যায়, মেয়েটি প্রতিদিন কোচিং করতে মিঠাপুকুর থেকে শহরে আসত। মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকার যুবক মো. মিজান তাকে প্রেমের প্রস্তাব দিয়ে এলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। গত শনিবার বিয়ের প্রস্তাবে ছেলেটি তাকে ফুঁসলিয়ে নগরীর একটি আবাসিক হেটেলে নিয়ে জোরপূর্বক কয়েক দফা ধর্ষণ করে মিঠাপুকুরে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলার বনমরিচা পশ্চিমপাড়া গ্রামে চার বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার ভুক্তভোগী ঐ শিশুটির মা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আবদুল আলিম (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করে। সে একই গ্রামের মো. দুলাল আকন্দের ছেলে।