বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগে সাত সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:৪৭

দেশের সর্ববৃহত্ স্থলবন্দর বেনাপোলে এখন চলছে রাজস্ব ফাঁকির মহোত্সব। গত ১৫ দিনে রাজস্ব ফাঁকির অভিযোগে ৫ কোটি টাকার পণ্য বাজেয়াপ্তসহ সাতটি সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবু থামছে না রাজস্ব ফাঁকির  প্রবণতা। মাঝেমধ্যে দু-একটি চালান আটক হলেও অধিকাংশই থাকছে ধরাছোঁয়ার বাইরে।

বাতিলকৃত সিঅ্যান্ডএফ লাইসেন্সগুলোর মধ্যে রয়েছে :রিমু এন্টারপ্রাইজ, তালুকদার এন্টারপ্রাইজ, এশিয়া এন্টারপ্রাইজ, সানি ইন্টারন্যাশনাল, মদিনা এন্টারপ্রাইজ,  মুক্তি এন্টারপ্রাইজ ও  রিয়াংকা এন্টারপ্রাইজ।

এছাড়া চকলেটের চালানে আনা উন্নত মানের শাড়ি, ব্লিচিং পাউডারের চালানে কফি ও ওষুধ, মেশিনারি পার্টসের ভেতরে রেক্সিন এবং ঘোষণার অতিরিক্ত পণ্যসহ ১৯ টন মাছ আটক করা হয়। এসব চালান থেকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত পণ্যগুলো বাজেয়াপ্ত করে নিলাম প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।