গত বছর অভিনয়কে বিদায় জানিয়েছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, বলিউডের জনপ্রিয় তারকা জায়রা ওয়াসিম। বর্তমানে তিনি ইসলামে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছেন। তার সব মনোযোগ ধর্মকর্মে। এ কারণে সামাজিক মাধ্যম থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন এই বলিউড অভিনেত্রী। এবার তিনি একই অনুরোধ জানালেন ভক্তদেরও।
জায়রা সবাইকে অনুরোধ জানিয়ে টুইট করেছেন। সেখানে লেখেন, ‘দয়া করে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে আমার ছবি ব্যবহার করবেন না। আমি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।’ ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেত্রী আরো লেখেন, ‘এতদিন ধরে আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইন্টারনেট থেকে সব ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলো নতুন করে শেয়ার করা না হয়।’ সবাই তাকে সাহায্য করবেন বলেও আশা প্রকাশ করেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালেই বলিউড ত্যাগ করার ঘোষণা দেন জায়রা ওয়াসিম। তখন তিনি জানান, অভিনয় করা ইসলাম ধর্মবিরোধী। তাই তিনি স্বেচ্ছায় সিনেমার ক্যারিয়ার থেকে বিদায় নিচ্ছেন। ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে বলিউড মাত করেন জায়রা। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমাতেও তার অভিনয় সবার নজর কাড়ে।
