আগামীকাল মঙ্গলবার বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ ‘ধ্রুবতারা’। রবিবার বিমান কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের প্রথমটি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ২৪ নভেম্বর যুক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হলে বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে।
বিমান জানিয়েছে, কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ সিট সংবলিত এই উড়োজাহাজ। পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ পরিশুদ্ধ করে, যা যাত্রীদের যাত্রাকে করে তোলে অধিক সতেজ ও নিরাপদ। এছাড়া এই উড়োজাহাজে বেশি লেগস্পেস, এলইডি লাইটিং ও প্রশস্ত জানালা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়।
বিমানে ‘ধ্রুবতারা’ যুক্ত হলে বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৯টি। এর মধ্যে ১৪টি নিজস্ব ও পাঁচটি লিজে আনা। নিজস্ব ১৪টির মধ্যে বোয়িং৭৭৭-৩০০ ইআর চারটি, বোয়িং ৭৮৭-৮ চারটি, বোয়িং ৭৮৭-৯ দুটি, বোয়িং ৭৩৭ দুটি ও ড্যাশ-৮ দুটি।
