সৌদি যুবরাজ মোহাম্মাদকে ঢাকা সফরের আমন্ত্রণ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:০৭

আগামী বছরের মার্চে মুজিবর্ষের চূড়ান্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। যদি তখন সম্ভব না হয়, তবে ২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয় যুবরাজকে। গতকাল রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুলাইহান সৌজন্য সাক্ষাত্ করেন। সে সময় বাংলাদেশের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের সুষ্ঠুভাবে ফিরিয়ে আনতে উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি জানান, সৌদি আরবের সরকার ও বেসরকারি বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য মন্ত্রীর সহায়তা চান রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।