মুগদায় শিশু স্কুলছাত্রী যমজ দুই বোনকে ধর্ষণ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:০৯

রাজধানীর মুগদায় স্কুলছাত্রী যমজ দুই বোনকে মুখে গামছা গুঁজে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ১১ বছরের যমজ দুই বোন স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ে। গতকাল রবিবার বিকালে শিশু দুইটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মাছের দোকানের কর্মচারী ভিকটিমদের মামাতো ভাই ফরহাদ (২৩) পলাতক রয়েছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শেখ এনামুল করিম জানান, শিশু দুইটির পরিবার মুগদা এলাকায় থাকে। তাদের বাবা মৃত আর মা গৃহিণী। গত বুধবার বিকালে ফরহাদ কৌশলে তাদের দুই জনকে ডেকে নিজের বাসায় নিয়ে যায়। এরপর সেখানে তাদের দুই জনকে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখায় ফরহাদ। পরে দুই বোন বাসায় ফিরে গিয়ে তাদের মায়ের কাছে সবকিছু বলে দেয়।

ভুক্তভোগীদের স্বজনরা জানান, তারা পাশাপাশি এলাকায় থাকেন। ঘটনাটি বুধবারই শিশু দু্ইটির কাছ থেকে শুনতে পারেন তারা। তবে মামলা না করতে ফরহাদের বাবা তাদেরকে বিভিন্নভাবে বুঝায় এবং ভয়ভীতি দেখায়। শিশু দুইটি বড় হলে এক জনকে ফরহাদের বউ হিসেবে তুলে নিবে বলে আশ্বস্ত করতে চায়। তবে তাতেও শিশু দুইটির মা রাজি না হওয়ায় শুক্রবার ফরহাদ ও তার পরিবার বাসা থেকে পালিয়েছে। এরপরই তারা গতকাল মুগদা থানায় গিয়ে মামলা দায়ের করেন।

এসআই আরো জানান, মামলা দায়েরের পর শিশু দুইটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ফরহাদকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। হাসপাতাল থেকে প্রতিবেদন পেলে ঘটনাটি আরো পরিষ্কার হবে।